চট্টগ্রামের রাউজানের কদলপুর ইউনিয়নে আবারো গরু চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে কদলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলম বাড়ি এলাকায় আবদুর রহিমের গোয়াল ঘরের তালা ভেঙে ১টি গাভী ও একটি বাছুর নিয়ে যায় অজ্ঞাত চোর/চোরেরা। এবিষয়ে শনিবার বিকেলে রাউজান থানায় একটি অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত আবদুর রহিমের ছেলে মো.নাঈম উদ্দিন।
অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিদিনের মত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গরু ভেতরে রেখে গোয়াল ঘরের দরজায় তালা দিয়ে ঘরে যান গরুর মালিক। আনুমানিক রাত ২টা ৩০ মিনিটের দিকে অজ্ঞাত কোন চোর বা চোরের দল দরজার তালা ভেঙে গরু ২টি নিয়ে যায়। গরুগুলোর বাজারমূল্য প্রায় ১লাখ ৭০ হাজার টাকা।
ক্ষতিগ্রস্ত আবদুল রহিম ও মো.নাঈম উদ্দিন বলেন, গরুগুলো আমাদের পারিবারিক আয়ের সহযোগী। রাতে গোয়াল ঘরে বেঁধে দরজায় তালা দিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি গোয়ালের তালা ভাঙা। ভেতরে দেখি গরু নেই। কে বা কারা চুরি করে বড় ক্ষতি করলো। আমরা সম্ভাব্য সকল জায়গায় খুঁজে পরে থানায় অভিযোগ করি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, গরু চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। চোর সানাক্তে তদন্ত করা হচ্ছে। একজন পুলিশ অফিসার এ বিষয়ে কাজ করছে।